বিজ্ঞাপন

৩০০ ফিটে স্কুটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, আহত চীনা নাগরিকের মৃত্যু

৩০০ ফিটে স্কুটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, আহত চীনা নাগরিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চীনা নাগরিক লি চ্যাং ইয়াং (৪৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

এর আগে, গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সড়ক দুর্ঘটনায় ওই নাগরিকের মাথা ও ডান কান থ্যাঁতলে গেছে এবং মাথার খুলির হাড় খোলা অবস্থায় ব্যান্ডেজ করা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী বাগানবাড়ি এলাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত ২৭ মে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট পৌঁছানো মাত্রই একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।

এসএএ/বিআরইউ