কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, একজন আহত ব্যক্তি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন এবং বাকি দুজন ইতোমধ্যে চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে ৩ ও ৪ জুন কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল এবং শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতাল পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
এ ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, একজন আহত ব্যক্তি এ মুহূর্তে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন এবং বাকি দুজন ইতোমধ্যে চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল ত্যাগ করেছেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত বাংলাদেশি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন। এ কঠিন সময়ে আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।
এনআই/এসএম
