বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌহিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত এ কে এম আওলাদ হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুনের আদেশের আলোকে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এমএসি/এসএম
