চট্টগ্রামে উত্তর জেলা ছাত্রলীগের মিছিলের ঘটনায় হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এ মামলা দায়ের করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার মো. আরিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে হাটহাজারী থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজহারমূলে মামলা রেকর্ড করা হয়েছে। ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর তালুকদার পারভেজ আনছারীর (২৮) নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা গত ৩ জুন ভোরে লাঠিসোঁটাসহ সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" সহ বিভিন্ন উসকানিমূলক এবং সরকার বিরোধী স্লোগান দেয়।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা দেশে সন্ত্রাস, পুলিশি হয়রানি ও রাজবন্দিদের মুক্তির দাবি সংক্রান্ত স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা চালায়।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামিদের নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পেয়ে তিনি ও তার সাংগঠনিক লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এসময় আসামিরা পুলিশ ও সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী উল্লেখ করেন।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। হাটহাজারী থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।
আরএমএন/আরএফ/এসএম
