বিজ্ঞাপন

লুডু খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, পাথরের আঘাতে প্রাণ গেল বাবার

লুডু খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, পাথরের আঘাতে প্রাণ গেল বাবার

চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইলে লুডু খেলার বিরোধের জেরে প্রতিবেশীর পাথরের আঘাতে আবুল হোসেন জাফর (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ জুন) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল হোসেন জাফর ওই এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

নিহতের স্ত্রী রুনা বেগম বলেন, প্রতিবেশী রায়হান তাদের ছেলে ইমনকে মোবাইলে লুডু খেলার জন্য ডাকতে আসে। ইমন খেলতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। জাফর বাজার থেকে বাড়িতে ফেরার পর এ বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে জাফরের সঙ্গে রায়হান ও তার মা জাহেদার ধস্তাধস্তি হয়। পরে জাফরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যমান আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে গেলে জাফরের সঙ্গে রায়হান ও তার মা জাহেদার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর ছুড়ে মারলে তা জাফরের বুকে আঘাত করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুল হা-মীম/আরএফ/বিআরইউ