চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মাইজভান্ডার-নাজিরহাট সড়কের পাশে অবস্থিত একটি ভবনে ওই সভা অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতেও সেখানে কয়েকজনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভবনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরের মালিকানাধীন। এটি মূলত আশেক-ভক্তদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বৈঠকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন বৈঠকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। আটক দুজনের মধ্যে- একজন ভবনটির পরিচর্যাকারী ও অন্যজন পাশের এক মসজিদের ইমাম।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঢাকা পোস্টকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। কারা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আতিকুল হা-মীম/বিআরইউ
