বিশ্ব পরিবেশ দিবসে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড–সিআর টেনকে ২০২৬’।
শুক্রবার (৫ জুন) ভোরে নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ১১৮২ জন দৌড়বিদ অংশ নেন। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রান দ্য সিটি’।
প্রতিযোগিতা উপলক্ষ্যে ভোর ৫টা ১০ মিনিটের আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রানাররা সিআরবি এলাকায় জড়ো হন। সকাল ৫টা ৪৫ মিনিটে দৌড় শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ৭টার মধ্যে। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ওপেন (মেইন) ক্যাটাগরিতে ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন আসাদুর রহমান মহসিন। ৪০ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নূর-এ-আলম এবং ৪১ মিনিট ৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন মোহাম্মদ ইফতি। এ বিভাগে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে মাহফুজুর রহমান ও শাখাওয়াত হোসেন।
মহিলা বিভাগে প্রথম হন ডা. নওরিন জাহান। দ্বিতীয় স্থান অর্জন করেন জারা এবং তৃতীয় হন আয়শা আক্তার জুলি। এ বিভাগে চতুর্থ ও পঞ্চম হন যথাক্রমে সারা বিন তাহুরা ও ভিলো তুগাডা।
জেনারেশন নেক্সট (১৪–১৮ বছর) বিভাগে প্রথম হন মাহফুজ রহমান তুরাব। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আকিফ আবেদ আকিল ও মো. ফেরদৌস আমিন।
এছাড়া, অন্যান্য বয়সভিত্তিক বিভাগে প্রথম হন সুব্রত পাল, মো. ইনামুল হক ও সঞ্জীব কুমার ঘোষ। দ্বিতীয় হন মোহাম্মদ দিদারুল, মো. মুসা খান ও মো. ফরিদ আহমেদ। তৃতীয় স্থান অর্জন করেন আবু মো. জুলফিকার আজাদ, রতন কান্তি বড়ুয়া ও মো. আসলাম পারভেজ।
পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে চট্টলা রানার্স। চট্টগ্রামের অন্যতম সবুজ ও ঐতিহ্যবাহী এলাকা সিআরবিকে ঘিরে আয়োজিত এই দৌড়ে দেশ-বিদেশের বিপুলসংখ্যক রানারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবারের আয়োজনে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, ক্রীড়াচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও ছিল এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণসহ সকল বয়সি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের দৌড় প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করছে। দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে চট্টগ্রাম একদিনের জন্য দৌড়ের নগরীতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অব অপারেশনস বিনোদ সিং, হেড অব করপোরেট রাম প্রসাদ সুশীল ও রঞ্জন কুমার দাস, সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, ফরহান জামান এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
এবারের আয়োজনের টাইটেল স্পনসর ছিল স্যাম বন্ড (সামুদা স্পেক-কেম লিমিটেড)। স্বাস্থ্যসেবা ও হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম এবং আইসক্রিম পার্টনার ছিল সেভয় আইসক্রিম।
আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
চট্টলা রানার্সের উপদেষ্টাদের মধ্যে ছিলেন প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক, কাজী আরিফুল ইসলাম, কেসি বিকাশ, জহির উদ্দিন ও জসিম উদ্দিনসহ অনেকে। আয়োজক সংগঠনটির একশ ৪৮ জন স্বেচ্ছাসেবক এ আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আয়োজকদের মতে, দেশের অন্যতম পরিচিত দৌড় প্রতিযোগিতায় পরিণত হয়েছে সিআর টেনকে। তীব্র গরম উপেক্ষা করে দেশ-বিদেশের এক হাজার একশ ৮২ জন রানারের অংশগ্রহণ এবারের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করেছে।
এমআর/জেআই/এমএন
