বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত মৌখিক পরীক্ষা শুরুর দাবি জানিয়েছেন।
শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে উত্তীর্ণ ভাইভা প্রত্যাশী শিক্ষকরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। উৎপাদনমুখী ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের জন্য সৎ, যোগ্য, মেধাবী ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষা প্রশাসক গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের দায়িত্ব শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরিচালনার সিদ্ধান্তটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
তারা বলেন, এই ব্যবস্থার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি কমানোর সুযোগ তৈরি হয়েছে। শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে এ সিদ্ধান্তে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৮ এপ্রিল এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল ২২ এপ্রিল প্রকাশ করা হয়। এতে প্রায় ৫৩ হাজার পরীক্ষার্থী অংশ নেন এবং ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। বিশেষজ্ঞ প্যানেলের প্রণীত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত করা হয় এবং উত্তরপত্র মূল্যায়ন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আরও বলেন, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হওয়া এই নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম শুরু করা প্রয়োজন। তাই পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর মৌখিক পরীক্ষা দ্রুত আয়োজনের জন্যও কর্তৃপক্ষের প্রতি জোর দাবিও জানান তারা।
আরএইচটি/জেআই/এমএন
