বিজ্ঞাপন

স্বাস্থ্য গবেষণায় ওসমানী মেডিকেল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্বাস্থ্য গবেষণায় ওসমানী মেডিকেল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

গবেষণা ও স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অনুষ্ঠিত ‘অ্যাডভান্সিং হেলথকেয়ার ইনোভেশন থ্রু ইন্টারন্যাশনাল রিসার্চ কলাবোরেশন’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে।

কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন— মেডিকেল ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক এবং জাপান অ্যাসোসিয়েশন ফর মেডিকেল ইনফরমেটিক্সের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নাওকি নাকাশিমা, হেলথকেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম মারুফ এবং ফ্যাকাল্টি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আশির আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, অ্যাকাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে কমিউনিটি হেলথ, অসংক্রামক রোগ, ডিজিটাল হেলথ, মেডিকেল ইনফরমেটিক্স এবং হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে যৌথ গবেষণার সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উভয়পক্ষ গবেষণা সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রকল্প গ্রহণ এবং স্বাস্থ্যখাতে উদ্ভাবন বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। 

বক্তারা বলেন, এই সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়তা করবে। এ সময় ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএইচএন/এমএন

বিজ্ঞাপন