বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় একটি ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হকের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক মজিবুলকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি মারা গেছেন।

তিনি জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএফ/জেডএস