রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মান্নানের বাড়ি বরগুনা সদর জেলায়। তার বাবার নাম আব্দুল হাই। বর্তমানে গেন্ডারিয়ার নামাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
হাসপাতালে নিহতের বোন চায়না বেগম জানান, আমার ভাই দয়াগঞ্জে মোড়ে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে মোবাইলে রাজন, দেলু, মহসিন ও আমার ভাই মান্নান লুডু খেলছিল। এই লুডু খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজন আমার ভাইয়ের বাম পায়ের উরুর উপরে রড ঢুকিয়ে দেয়। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এসএএ/জেডএস
