চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। শিক্ষার্থীদের আবেদনের পর বৃহস্পতিবার (১১ জন) এ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেওয়ার পাশাপাশি খেলাধুলার সামগ্রী দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক বিদ্যালয় ও আলিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে জানায়। একইসঙ্গে তারা খেলাধুলার সরঞ্জাম এবং ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি দেওয়ার অনুরোধ জানায়। এ সময় পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী বৃহস্পতিবার টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয় থাকতে হবে।
পরে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সফরকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আলোচনা করেন এবং তাদের স্বপ্ন, শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে জীবনে সফল হওয়ার পরামর্শ দেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান কার্যক্রমে অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
পরিশেষে পুলিশ সুপার মো. মাসুদ আলম জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এমআর/জেডএস
