বিজ্ঞাপন

সংসদে তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালে নতুন নীতিমালা, ডিএফপি তালিকাও পর্যালোচনায়

অনলাইন নিউজ পোর্টালে নতুন নীতিমালা, ডিএফপি তালিকাও পর্যালোচনায়

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার নিয়মকানুন আরও সুসংহত করতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। একইসঙ্গে দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলা-ভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। 

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এই সিদ্ধান্তের কথা অবহিত করেন। 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জেলা-ভিত্তিক যেসব সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ডিএফপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল কি-না, তা পরীক্ষা করে দেখছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি আধুনিক ও যুগোপযোগী নীতিমালা তৈরির কাজ হাতে নেওয়ার কথা জানান তিনি।

এদিকে সংসদের একই অধিবেশনে সংবাদমাধ্যমগুলোর একাংশের মাধ্যমে কথিত ভুল তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান। দেশের গণমাধ্যমে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার ছড়াতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এসআর/এমএসএ