পান্থকুঞ্জের অভ্যন্তর ও বাইরের সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ২১ নম্বর ওয়ার্ডের পান্থকুঞ্জের অভ্যন্তর ও বাইরের সমস্ত অবৈধ স্থাপনা অপসারণ এবং দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, পান্থকুঞ্জ সংলগ্ন এসটিএস-এর পেছনের অবৈধ কার ওয়াশের দোকান উচ্ছেদ করা হয় এবং ১৬ নম্বর ওয়ার্ডস্থ বক্স কালভার্ট রোডে অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত থেকে সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে ফুটপাত ও রাস্তা পরিষ্কার করা হয়েছে। এ সময় অবৈধভাবে দোকানপাট বসানোর দায়ে ৬টি মামলার মাধ্যমে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এএসএস/এমএসএ
