বিজ্ঞাপন

মস্কোয় খলিলুর-ল্যাভরভের দ্বিপক্ষীয় বৈঠক আজ, আলোচনায় গুরুত্ব পাবে যে বিষয়

মস্কোয় খলিলুর-ল্যাভরভের দ্বিপক্ষীয় বৈঠক আজ, আলোচনায় গুরুত্ব পাবে যে বিষয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে গতকাল রোববার রাশিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের দ্বিতীয় দিনে তিনি আজ সোমবার (৮ জুন) মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্টরা বলছেন, সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই মুহূর্তে দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।

মস্কো সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন খলিললুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন। 

এর আগে, খলিলুর রহমানের মস্কো সফর নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন রাশিয়ায় সরকারি সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৮ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে খলিলুর রহমানের নির্বাচনের প্রেক্ষাপটে জাতিসংঘের কার্যক্রমে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে আলোচনায় বিশেষ মনোযোগ দেওয়ার পরিকল্পনা আছে।

বিবৃতিতে আরও জানানো হয়, রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রসাটম স্টেট করপোরেশনসহ রাশিয়ার বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সফর সূচিতে রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এনআই/জেআই