নগরীর বিভিন্ন স্থানে অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণের কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৮ জুন) ডিএনসিসির আওতাধীন আগারগাঁও, শেরে বাংলা নগর এলাকার ব্যানার- ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসবে আগারগাঁও, শেরে বাংলা নগর এলাকার ব্যানার- ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এর আগে এক গণবিজ্ঞপ্তি জারি করেছিল ডিএনসিসি। সেখানে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার,ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/এমএসএ
