বিজ্ঞাপন

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বাংলাদেশের ছয় শিক্ষার্থী

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বাংলাদেশের ছয় শিক্ষার্থী

বাংলাদেশের ছয় শিক্ষার্থী রাশিয়ার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়া শেষে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

আগামী ১৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত রাশিয়ার ক্রিমিয়া প্রজাতন্ত্রের আন্তর্জাতিক শিশু কেন্দ্র ‘আরটেক’-এ অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস কনফারেন্স ফর পিস : চিলড্রেন অ্যাজ দ্য পিসমেকারস’।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— দিনাজপুরের প্রেম জুনিয়র টি. হান্সডাক, ঢাকার আহনাফ কাওছার, জাহরান কাওছার, মো. দাইয়ান রহমান, মো. আয়ান রহমান এবং চৌধুরী মাহতাসিম মাসরাফি।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১৪ থেকে ১৭ বছর বয়সি তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন। তাদের মধ্যে বন্ধুত্ব, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বখ্যাত আরটেক ক্যাম্পে অংশগ্রহণের জন্য বিনামূল্যে টিকিট পাবেন।

এই উদ্যোগ ‘চিলড্রেনস ডিক্লারেশন অব পিস’-এর ধারাবাহিকতা। ২০২৫ সালে ৬৭টি দেশের তিন হাজার ২০০–এর বেশি শিশু ওই ঘোষণায় সমর্থন জানায়। পরে তা জাতিসংঘ সাধারণ পরিষদেও উপস্থাপন করা হয়।

আলোচনা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের শান্তি-নির্মাতা ও তরুণ কূটনীতিক তৈরিতে অনুপ্রেরণা জোগানোই এ কর্মসূচির উদ্দেশ্য।

নির্বাচিত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারা এখন মধ্য জুনে রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন।

এমএন