রাজধানীর তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) এবং মো. ফরিদ (৩৩)।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, তেজগাঁও ও দারুস সালাম এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তাদের কাছে থাকা ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এসএএস/এনএফ
