চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকায় দুই কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। মুক্তিপণ না দিলে অপহৃতদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের উদ্দেশ্যে পাহাড়ে গেলে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী কয়েকজন কৃষককে জিম্মি করে। এ সময় কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০) এবং পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলীর ছেলে আজগর (৪০) অপহরণের শিকার হন।
একই ঘটনায় কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলমকে আহত অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তিনি কোনোভাবে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান।
অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরে স্থানীয় কয়েকশ মানুষ পাহাড়ে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। তবে গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অপহৃত দুই কৃষককে নিয়ে গহিন পাহাড়ের দিকে সরে যায় বলে জানায় গ্রামবাসী।
পরে অপহৃতদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে অপহৃতদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, কৃষক অপহরণ করে মুক্তিপণের বিষয়টি খবর পেয়েছি। আমাদের পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তাদের উদ্ধারে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব।
এমআর/এসএএস/এমএন
