স্কুল ফিডিং (মিড-ডে মিল) প্রকল্পে অনিয়ম এবং নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে মাদারীপুর সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, গ্রেপ্তারকৃতরা ‘সমতা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তদন্তে নষ্ট ও খাবার-অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
পুলিশ জানায়, মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
এ ঘটনায় তদন্তের জন্য সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের অনুরোধ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
এমএইচএন/এমএন
