বিজ্ঞাপন

হ্যাকিং-প্রতারণা ঠেকাতে সিএমপিতে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার

হ্যাকিং-প্রতারণা ঠেকাতে সিএমপিতে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার

চট্টগ্রামে সাইবার অপরাধ মোকাবিলা, ভুক্তভোগীদের দ্রুত সহায়তা এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে চালু হলো সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার।

মঙ্গলবার (৯ জুন) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, নতুন এ সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ নেওয়া হবে। অভিযোগের ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, সাইবার অপরাধের ঘটনায় স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা করা হবে। পাশাপাশি পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করা হবে।

সিএমপি জানায়, প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগেও সহায়তা করবে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআর/এসএএস