বিজ্ঞাপন

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট : তদন্ত করে মামলার নির্দেশ আদালতে

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট : তদন্ত করে মামলার নির্দেশ আদালতে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এজিএম মনিরুল হাসান সরকার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সোমবার (৮ জুন) জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ঘটনাটি সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমএমের আদেশে বলা হয়েছে, চমেক হাসপাতালে বাইরে থেকে আসা বৈধ অ্যাম্বুলেন্স কিংবা স্বজনদের নিজস্ব গাড়ি দিয়ে রোগী বা মরদেহ পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এই চক্রের সদস্যরা বাইরের গাড়িচালকদের হুমকি, মারধর ও হেনস্তাও করছেন। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও বেআইনি বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে রোগী ও মৃত ব্যক্তির স্বজনেরা কোনো বাধা ছাড়াই নিজেদের পছন্দমতো অ্যাম্বুলেন্স, ফ্রিজিং ভ্যান বা অন্য যেকোনো যানবাহন ব্যবহার করতে পারেন। কোনো বৈধ গাড়ির প্রবেশে কেউ বাধা দিতে পারবে না বলেও কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত।

এসএএস/এসএম