বিজ্ঞাপন

সাতকানিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সাতকানিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়া টিপু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাকে লোহাগাড়া ট্রমা সেন্টারে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বরদোনা শরিফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহান ও রেহেনা আক্তার দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরদোনা শরিফপাড়া এলাকায় অবস্থানকালে কক্সবাজারগামী একটি চলন্ত ট্রেনের ধাক্কায় টিপু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা মোহাম্মদ খলিল জানান, টিপু বেড়াতে সাতকানিয়ায় এসেছিল। দুর্ঘটনার সময় সে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ বর্তমানে লোহাগাড়া ট্রমা সেন্টারে রয়েছে।

এনামুল হক নাবিদ/বিআরইউ