বিজ্ঞাপন

নজরদারি এড়াতে টেকনাফের ইয়াবা ঢাকা এনে সারাদেশে পাঠাতেন বাবুল

নজরদারি এড়াতে টেকনাফের ইয়াবা ঢাকা এনে সারাদেশে পাঠাতেন বাবুল

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবুকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় যশোরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের দক্ষিণাঞ্চলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। চক্রটির অন্যতম সদস্য বাবুল হোসেন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি জানান, ওই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অবস্থান নেয়। পরে যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুল হোসেনকে আটক করা হয়।

আটকের পর তার দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যুতে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মোস্তাক আহমেদ বলেন, বাবুলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আঁটি এলাকায় হলেও বর্তমানে তিনি যশোরে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘদিন যশোরে অবস্থানের কারণে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন মাদক কারবারির সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। এ ছাড়া, কেরানীগঞ্জ, চট্টগ্রাম ও টেকনাফভিত্তিক মাদক সিন্ডিকেটের সঙ্গেও তার সংযোগ রয়েছে।

মোস্তাক আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বাবুল প্রথমে টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকার কেরানীগঞ্জে নিয়ে আসতেন। পরে সেখান থেকে বাসযোগে যশোরে পাঠিয়ে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। মহাসড়কে কড়া নজরদারির কারণে তিনি বিকল্প রুট ব্যবহার করে এই মাদক পাচার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল আরও কয়েকটি বড় ইয়াবার চালান পাচারের কথাও স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় আটক বাবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

জেইউ/এসএএস/বিআরইউ