রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের সাত দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয় তাদের।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৩টা ৫মিনিটে নীলফামারীর ডোমার এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই কিশোরীই পেশায় পোশাক শ্রমিক।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২ জুন সকাল ৯টার দিকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে দুই কিশোরী নিজ নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ৩ জুন পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর পল্লবী থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে। পরবর্তী সময়ে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, তদন্তে অপহরণ বা কোনো অপরাধচক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, দুই কিশোরীর নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের বাধা এড়াতে তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নীলফামারীতে চলে গিয়ে এক সঙ্গে থাকার পরিকল্পনা করেছিল।
এন এম নাসিরুদ্দিন আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএএ/এসএএস/বিআরইউ
