মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের প্রতি আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আসিয়ানের সক্রিয় ভূমিকা রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফলভাবে ফেরত পাঠাতে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া উচিত। দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে আসাদ আলম সিয়াম অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক বহুপাক্ষিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের স্থায়িত্বকে এই অঞ্চলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।
বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এনআই/এসএম
