বিজ্ঞাপন

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (বুধবার) কাজীর দেউরি এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আমদানিকৃত কসমেটিকস পণ্যের বিএসটিআই ছাড়পত্র প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি শনাক্ত করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানায়, কাজীর দেউরির দ্যা বেবি শপ নামীয় প্রতিষ্ঠানের আমদানিকৃত কসমেটিকস পণ্য বাজারজাত করা হলেও প্রতিষ্ঠানটি বিএসটিআই ছাড়পত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই এলাকার সিজল নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ও বাজারজাত করা সুইটমিট পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের কর্মকর্তা অন্তর চৌধুরী, ফিল্ড অফিসার (সিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে মানহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমআর/আরএফ/এনএফ