জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে, ‘ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী কেন নাটোরে বিয়ে করে নাই?’
আজ (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবে পর স্পিকার সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ কথা বলেন। এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মধ্যে নাটোর জেলা শহর একটি গুরুত্বপূর্ণ শহর। নাটোর জেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের কল-কারখানা রয়েছে, যেমন নাটোর সুগার মিল, মিল্ক ভিটা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ ও কৃষাণ গ্রুপসহ অন্যান্য গ্রুপ। ওই কারখানাগুলোতে নাটোর জেলাসহ সারা বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান রয়েছে। এছাড়াও আরও অনেক ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এ সকল কারখানায় গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক লোক কর্মসংস্থান হারাচ্ছে। নাটোর শহর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরাতন শহর কিন্তু উক্ত শহরের বাসা-বাড়িতে এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া হয়নি। নাটোর জেলায় সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কল-কারখানাসহ বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন।
এমএসআই/এনএফ
