বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কোতে রা‌শিয়ার সিনেটের উপ-স্পিকার কন্সটান্টিন কোশেভের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। 

রা‌শিয়া সফ‌রকালে পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে উপ-স্পিকার এ সাক্ষা‌তের তথ‌্য বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রুশ ডেপুটি -স্পিকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। 

আলোচনায় সংসদীয় কার্যক্রমে আইন প্রণয়ন সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন দিক উঠে আসে।

খলিলুর রহমান বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের কথা তুলে ধরে ই-পার্লামেন্ট উদ্যোগ, ডিজিটাল আইনসেবা এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রুশ পক্ষকে অবহিত করেন।

দুই পক্ষ রাশিয়ার সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আইন প্রণয়নবিষয়ক গবেষণায় সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সম্ভাবনা অনুসন্ধানে সম্মত হয়।

পাশাপাশি সংসদ সদস্য ও কর্মকর্তাদের জন্য পেশাগত বিনিময় কর্মসূচি, সংসদীয় প্রতিনিধি দলের সফর এবং সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষই সংসদীয় কূটনীতিকে প্রচলিত কূটনীতির একটি কার্যকর পরিপূরক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করে। 

এ ছাড়া, পারস্পরিক বোঝাপড়া, সম্পৃক্ততা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের পার্লামেন্টে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

এনআই/এমএসএ