চট্টগ্রাম নগরে ট্রেনের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট ভাইও। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও তাঁদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকা ও নাসিরাবাদের রহমাননগরে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলেন, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে শাহাবুদ্দিন (৭৮) ও মোহাম্মদ পেয়ারু (৬৮)। এর মধ্যে শাহাবুদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বড় ভাইয়ের এই আকস্মিক মৃত্যুর খবর বাসায় পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট ভাই মোহাম্মদ পেয়ারু। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি চট্টগ্রামের রহমাননগর নাসিরাবাদস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আরেক ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন রবি।
তিনি বলেন, ‘বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারে আসার পরপরই মেজো ভাই পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি স্ট্রোক করে বাসায়ই মারা যান। একই দিনে দুই ভাইকে হারিয়ে আমাদের পরিবার স্তব্ধ হয়ে গেছে।’
আতিকুল হা-মীম/এমএসএ
