বিজ্ঞাপন

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ কমছে, সবচেয়ে বেশি কাটছাঁট বিদ্যুৎ বিভাগে

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ কমছে, সবচেয়ে বেশি কাটছাঁট বিদ্যুৎ বিভাগে

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। খাতটির দুই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ কমছে বিদ্যুৎ বিভাগে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য ২ হাজার ৩৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৯৫ কোটি এবং উন্নয়ন ব্যয় ২ হাজার ২৫৪ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ১৭৮ কোটি টাকা। সে হিসাবে বিভাগটির বরাদ্দ কমছে ৬২৯ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৩৬৬ কোটি টাকা।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৫৭ কোটি এবং উন্নয়ন ব্যয়ে ১৪ হাজার ৯৩৯ কোটি টাকা রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বিভাগটির বরাদ্দ ছিল ২০ হাজার ৩৪২ কোটি টাকা। সে হিসাবে বরাদ্দ কমছে ৫ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জ্বালানি ও বিদ্যুৎ খাতের মধ্যে সবচেয়ে বেশি।

সংশোধিত ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ ছিল ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা। ফলে সংশোধিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরে বিভাগটির বরাদ্দ ৫৮৯ কোটি টাকা কমছে।

সব মিলিয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে মোট বরাদ্দ ছিল ২২ হাজার ৫২০ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে খাতটির বরাদ্দ কমছে ৫ হাজার ১৭৫ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের ১৬ হাজার ৯৫১ কোটি টাকার তুলনায় নতুন অর্থবছরে মোট বরাদ্দ ৩৯৪ কোটি টাকা বেশি।

ওএফএ/জেডএস

বিজ্ঞাপন