বিজ্ঞাপন

চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা

চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা

চট্টগ্রামে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) তিনি নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নৌবাহিনী সূত্র জানায়, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে থাকে। সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ছাড়া সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে (সিএনআরডি) জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।

পরে প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাজে যুক্ত রয়েছে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের গুরুত্ব রয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পেশাগত ও কারিগরি দক্ষতার প্রশংসা করেন।

এ ছাড়া তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্প, বিদ্যমান সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এমআর/এসএম