বিজ্ঞাপন

বাবার সঙ্গে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বাবার সঙ্গে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল হান্নান শাহ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শাহ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহের ছেলে। আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

জানা যায়, সকালে বাবার সঙ্গে তাদের পুরাতন ভিটায় যায় নিহত হান্নান শাহ। সেখানে বাবার সঙ্গে সুপারি গাছ কাটছিল তিনি। সুপারি গাছগুলো কাটার একপর্যায়ে একটি মৃত সুপারি গাছ কেটে নামানোর সময় গাছটি বৈদ্যুতিক খুঁটির হাইভোল্টেজ তারের সঙ্গে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসাইন বলেন, বাবার কাজে সাহায্য করতে একসঙ্গে সুপারি গাছ কাটতে গিয়েছিল তিনি। কে জানতো বাবার কাজে সাহায্য করতে তাকে এভাবে জীবন দিতে হবে। আজ দুপুরে তার ডিগ্রি ১ম বর্ষেও পরীক্ষা ছিল। কাজ থেকে ফিরে তিনি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো তার, কিন্তু তার আগেই মৃত্যু। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হান্নান শাহ নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএন