বিচারকের কণ্ঠস্বর নকল করে তার পরিচিতজনদের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত মো. মেহেদী হাসান মিম (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১১ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরা আগে বুধবার দিবাগত রাতে নাটোর থেকে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম তাকে গ্রেপ্তার করে।
জসীম উদ্দিন খান বলেন, মামলার এজাহার অনুযায়ী ঘটনার সময় বাদী একজন যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। প্রতারক চক্রটি বিচারকের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে তার বন্ধু, সহকর্মী এবং আত্মীয়-স্বজনদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর অনুকরণ করে পরিচিতজনদের ফোন দিয়ে জানানো হয়, তার মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্স খরচের জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের প্রতারণামূলক কৌশলে বিভ্রান্ত হয়ে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার টাকা প্রতারকদের কাছে পাঠান। এছাড়া বিচারকের আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির কাছেও একই কায়দায় ফোন ও বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ঘটনাটি জানাজানি হলে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিআইডি জানতে পারে, বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।
পরবর্তীতে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় মো. মেহেদী হাসান মিমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
এমএসি/এমএন
