চট্টগ্রামের বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে রায়খালী খালের মোহনা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও শৌখিন মৎস্যজীবী ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে আবুল কালাম মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে রায়খালী খাল ও কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকেও।
আজ বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পরে সেটি উদ্ধার করা হয়। স্বজনেরা খবর পেয়ে মরদেহটি আবুল কালামের বলে শনাক্ত করে।
মৃত যুবকের ভাই জিসান বলেন, ‘বুধবার রাতে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জাল নিয়ে ঘর থেকে বের হয়েছিল ভাইয়া। সকাল পর্যন্ত না ফেরায় আমরা চারপাশে খোঁজাখুঁজি ও মাইকিং শুরু করি। বিকেলে খালের মোহনায় তার মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও জানান, ঘাটকূল এলাকায় আবুল কালামের ‘শেষ বিদায় স্টোর’ নামের একটি মুদি দোকান রয়েছে। দোকানের পাশাপাশি তিনি প্রায়ই রাতে খালে মাছ ধরতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, ‘যুবক নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি দল রায়খালী খাল ও নদী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে মাছ ধরার সময় কোনো দুর্ঘটনায় তিনি পানিতে তলিয়ে যান।’
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। এখন পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএএস/এসএম
