বিজ্ঞাপন

প্রতিবন্ধী ভিক্ষুক বাবার মৃত্যুতে চার অবুঝ কন্যাসন্তান নিয়ে দিশেহারা মা

প্রতিবন্ধী ভিক্ষুক বাবার মৃত্যুতে চার অবুঝ কন্যাসন্তান নিয়ে দিশেহারা মা

চট্টগ্রামের পটিয়ায় মো. ইসরাফিল নামে এক প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যুতে চার কন্যাসন্তান ও স্ত্রীর জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। 

বুধবার (১০ জুন) রাতে হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই আর আগামী দিনের বেঁচে থাকার লড়াইয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

ইসরাফিল হাইদগাঁও ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘুমানোর আগে কাঁঠাল খান ইসরাফিল। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলে তিনি কোনো সাড়া শব্দ করেননি। ঘটনাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, অতিরিক্ত কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়ার কারণেই এই ভিক্ষুকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইসরাফিলের স্ত্রী ও চার কন্যা। প্রতিবন্ধী ইসরাফিল ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে পরিবারের ভরণপোষণ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তার মৃত্যু স্বাভাবিকভাবেই ঘটেছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

এমআর/আরএফ/এমএন