চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে সম্প্রতি হামলার ঘটনায় চার কর্মচারীকে বদলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ ভবন এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে, আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে কর্মচারী ও প্রকৌশলীদের মধ্যে উত্তেজনা এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিদ্যুৎ ভবনের নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিনের কক্ষের সামনে। পরে ঘটনাটি তদন্ত করে চার কর্মচারীকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি, নিয়োগসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিবিএ নেতাকর্মীরা প্রকৌশলীদের কক্ষে গিয়ে হট্টগোল ও হামলার ঘটনা ঘটিয়েছিলেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান না করেই একতরফাভাবে চার শ্রমিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতে এখনও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে।
বক্তারা বলেন, সম্প্রতি ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিক দুটি শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানানো হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে গোপনে নিয়োগ দেওয়া হয় বলে তারা জানতে পারেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলেও ঘটনাটির নিরপেক্ষ তদন্ত না করে বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাফিজুর রহমানসহ চারজনকে দূরবর্তী এলাকায় বদলি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সম্পাদক আজিজ মিয়া, সহ-সভাপতি আমিনুল ইসলাম মিয়া, সহ-সভাপতি আবু নাসির, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, মহসিন কবির, নূর মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মো. জালাল উদ্দিন ও প্রচার সম্পাদক আবু আসলাম বাপ্পিসহ অন্যান্য নেতারা।
বক্তারা অবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরএমএন/এসএএস/এসএম
