বিজ্ঞাপন

রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি, চট্টগ্রামে দুই কারখানাকে জরিমানা

রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি, চট্টগ্রামে দুই কারখানাকে জরিমানা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই আইসক্রিম কারখানা ও একটি মুদি দোকানকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) নগরের চান্দগাঁও থানার এফআইডিসি রোড ও শহীদপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

জানা যায়, এফআইডিসি রোডের এসএমএল এলাকার আলিফা আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে শহীদপাড়ার আম্মাজান আইসক্রিম ফ্যাক্টরিতে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের পাশাপাশি নিম্নমানের আইসক্রিমে লাভেলো কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এমআর/এসএএস/এমএন