বিজ্ঞাপন

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (১১ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা। এই দুর্দান্ত জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ ক্রিকেট দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ও দুর্দান্ত ফর্ম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। 

এসআর/এমএসএ