চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। ইঞ্জিনিয়ার বেলায়েত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিডিএর চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি সবার কাছে দোয়া চাই। দল আমাকে মূল্যায়ন করেছেন। আমি চট্টগ্রামের উন্নয়ন দায়িত্ব পালন করব।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বেলায়েত ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি এবং পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন। ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন।
এমআর/এমএসএ
