আগামী ১৪ জুন যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ অভিযাত্রা। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত এই টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অংশ নিতে বাংলাদেশ দল ইতোমধ্যেই পৌঁছেছেন বার্মিংহাম শহরে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বার্মিংহামে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনুষ্ঠিত হয় এক বিশেষ সংবর্ধনা।
বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং বার্মিংহামে বসবাসকারী ক্রীড়াপ্রেমী প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই সংবর্ধনা। বার্মিংহামের বাদশা প্যালেসে অনুষ্ঠিত এই মনোমুগ্ধকর সংবর্ধনার অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় জাতীয় পতাকার সঙ্গে বিপুল করতালির মধ্য দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের স্বাগত জানানো হয়।
এরপর স্বাগত বক্তব্য দেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। তিনি বলেন, ক্রিকেট হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে সেতুবন্ধনের অন্যতম প্রধান উপাদান। বার্মিংহামের এজবাস্টন মাঠে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ শুরু করবে, সেটি বার্মিংহাম প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের উপলক্ষ্য।
এই আনন্দ আয়োজনে বার্মিংহাম প্রবাসীদের পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে সহকারী হাইকমিশনার প্রধানমন্ত্রী ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিমালা ক্রীড়া ক্ষেত্রে প্রয়োগ করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে সরকারের ক্রীড়া কূটনীতির বিভিন্ন উপাদান তুলে ধরে তিনি উপস্থিত সকলকে সেসব উদ্যোগে সামিল হবার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপ শুরুর ঠিক পূর্বে বার্মিংহামে এই অভিনন্দন বার্তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সবাই অনেক পরিশ্রম করছি, বিশ্বকাপে অবশ্যই নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশের পক্ষে লড়াই করব। এই সুন্দর আয়োজনের জন্য সহকারী হাইকমিশন ও প্রবাসী ভাইবোনদের ধন্যবাদ জানিয়ে আধিনায়ক জ্যোতি আসন্ন ম্যাচগুলোতে মাঠে উপস্থিত হয়ে দলের পাশে থাকার জন্য প্রবাসী ভাইবোনদের আহ্বান জানান।
এরপর প্রধান কোচ সারোয়ার ইমরান দুই সপ্তাহ ধরে স্কটল্যান্ডে দলের প্রস্তুতির উপর আলোকপাত করেন।
তিনি বলেন, ইংলিশ কন্ডিশনে বাংলাদেশের মেয়েরা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে, সকলে অনেক পরিশ্রম করছে এবং আশা করা যায় বিশ্বকাপে সেই পরিশ্রমের ছাপ থাকবে। তিনি এই সংবর্ধনার জন্য সহকারী হাইকমিশন এবং বার্মিংহাম প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দলের টিম ম্যানেজার বুলবুল বাসার, প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর, মিডিয়া ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক, পেইস বোলিং কোচ আলমগীর কবির, স্পিনিং কোচ সজীব দত্ত, ফিজিও সুরাইয়া আক্তার, বিশ্লেষক মো.রাশেদ ইকবাল, স্পিন বোলিং কোচ মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সকল নারী খেলোয়ারদের নাম সম্বলিত বিশেষ অভিনন্দন স্মারক প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দলের হাতে তুলে দেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী এবং প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এনআই/এমএসএ
