বিজ্ঞাপন

সরোয়ার আলমগীর

জনগণের ভাগ্যোন্নয়নে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন নতুন বাজেট

জনগণের ভাগ্যোন্নয়নে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন নতুন বাজেট

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনগণের ভাগ্যোন্নয়নে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন উল্লেখ করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দেশীয় শিল্প সুরক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, তা দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং অত্যন্ত সাহসী পদক্ষেপ। বর্তমান বৈশ্বিক মন্দা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ বাজেট সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ। এটি প্রমাণ করে, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ বাজেট দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং বাংলাদেশকে দ্রুত ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেবে।

মিছিলটি উপজেলা সদর বিবিরহাটস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার ঘুরে বাসস্টেশন সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ নতুন বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এনামুল হক নাবিদ/এমএসএ