চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাবাজারে নদী পারাপারের ঘাট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। ঘাট ইজারাদার জনপ্রতি ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করায় যাত্রীরা এ সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী পারাপারকারী সাধারণ যাত্রীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘যাত্রী হয়রানি আর নয়, ন্যায্য ভাড়া চাই’, ‘অযৌক্তিক ভাড়া বৃদ্ধি মানি না, মানব না’ এবং ‘যাত্রীদের অধিকার চাই’ এসব স্লোগান দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী পারাপারে জনপ্রতি ১৫ টাকা ভাড়া নেওয়া হলেও সম্প্রতি বাংলাবাজার সাম্পান সমিতি তা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করেছে। এতে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
তারা অভিযোগ করেন, ভাড়া বৃদ্ধি করা হলেও ঘাটের অবকাঠামোগত উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত বাংলাবাজার ঘাটের ভাঙা সাঁকো দ্রুত সংস্কার এবং ঘাটসংলগ্ন নালার মাধ্যমে ফিশারির বিষাক্ত রাসায়নিকযুক্ত বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া যাত্রীরা অবিলম্বে নদী পারাপারের ভাড়া পুনরায় ১৫ টাকা নির্ধারণসহ তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভাড়া ১৫ টাকা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এমআর/এসএএস/এমএন
