চট্টগ্রামে আগামী পাঁচ বছরে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা প্রশাসন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রেখে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি।
এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় মাত্র দুই মাসে এক লাখ বৃক্ষরোপণ করে আলোচনায় এসেছিলেন জাহিদুল ইসলাম। সারা দেশে শুরু হওয়া এই বৃহৎ সবুজায়ন কর্মসূচির সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (সিডিএ) সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক উল্লেখ করেন, ইতোমধ্যে চট্টগ্রামে ৭০ হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি বছর জেলায় প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
রক্ষণাবেক্ষণের বিষয়ে জেলা প্রশাসক আরও বলেন, রোপণ করা প্রতিটি চারার উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট নিশ্চিত করা হয়েছে এবং গবাদিপশুর ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নেওয়া হবে। করোনাকালে সাধারণ মানুষ অক্সিজেনের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে উল্লেখ করে তিনি প্রতিটি নাগরিককে এসব চারা নিজের মনে করে পরিচর্যা করার আহ্বান জানান।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রাম জেলায় লক্ষ্যমাত্রা ধরা ২৫ লাখ চারার মধ্যে বন বিভাগের আওতায় প্রায় ১৮ লাখ চারা রোপণ করা হবে। এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ৮ লাখ ৩৪ হাজার ৫০০টি, উত্তর বন বিভাগে ৭১ লাখ ৫০ হাজারটি, উপকূলীয় বন বিভাগে ২ লাখ ৩২ হাজার ৫০০টি এবং চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেনে ১৫ হাজার ২৮৯টি চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সিডিএ ও বন বিভাগের যৌথ উদ্যোগে কর্ণফুলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে প্রায় ১৬ হাজার গাছ লাগানো হবে।
অনুষ্ঠানের শুরুতে একটি সোনালু গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। প্রথম দিনে কর্ণফুলী বেড়িবাঁধের চাদগাঁও এলাকায় প্রায় ১ দশমিক ৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপিত চারার মধ্যে সোনালু, চালতা, জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ, মহুয়া, কাঞ্চন, আমলকি, অর্জুন, জলপাই, কাঠবাদাম, ঝাউ, হিজল, বহেরা, চিকরাশি ও মেহগনি উল্লেখযোগ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান এবং সিডিএ-র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজীব দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এই বৃহৎ সবুজায়ন কর্মসূচি চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আতিকুল হা-মীম/বিআরইউ
