বিজ্ঞাপন

যত বাধা বিপত্তি আসুক, আমরা ভালো কাজ করব : ডিএনসিসি প্রশাসক

যত বাধা বিপত্তি আসুক, আমরা ভালো কাজ করব : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধা বিপত্তি আসুক, আমরা ভালো কাজ করব। আমরা সম্মিলিতভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতকে শক্তিশালী করতে চাই।

শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানব দেহ চুল্লি উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দলের যাতে কোনো বদনাম না হয়, দলে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সনাতন ধর্মালম্বীদের জন্য আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা তাদের পাশে আছি সবসময়।

প্রশাসক বলেন, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের পাশে থাকবো -এই প্রতিশ্রুতি দিয়ে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নয়, নাগরিক সুবিধা সবাই পাবে এবং এই দেশকে সবাই ভালোবাসবে, ভালো কাজ করবে। সবাইকে নিয়ে একটি অসাম্প্রদায়িক নগরী গড়ে তোলা হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর, সমৃদ্ধ শহর গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে বলেন, নিজ নিজ বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার বিস্তার ঘটে, সবাই সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ির আশপাশ পরিষ্কার করতে হবে। খালে ময়লা আবর্জনা ও গৃহস্থলি বর্জ্য না ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রশাসক জানান, যারা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডে মানুষের সেবা ও ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কাউন্সিলার হওয়ার যোগ্যতা রাখেন এবং তারাই সুপারিশপ্রাপ্ত হবে। দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনসহ অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ফেরদৌসী আহমেদ মিষ্টি পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানব দেহ চুল্লি প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসি প্রশাসক ধন্যবাদ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, হরিরামপুর শ্মশান কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএন

বিজ্ঞাপন