জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুলাহ। তিনি বলেন, বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং জবাবদিহিতামূলক নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।
স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যে রকম নীল না, তেমনিভাবে দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। এরকম বিষয়গুলো আসলে আমরা অবশ্যই এটা এড্রেস করতে চাই যে, আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে আমাদের সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। এটা দুঃখের সঙ্গে বলছি। ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে এলো।
স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, আপনার মাথার উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। কিন্তু ফ্যাক্ট হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এসআর/এসএম
