মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা থাকা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি কর্তৃক তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের এই প্রবণতা দিন দিন বাড়ছে, যা সামগ্রিকভাবে গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দলীয় স্বার্থে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু জুলাই মাসের ঘটনা বা কোনো বিশেষ সনদ নয়, বরং সরকারের উচিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করা।
তিনি বলেন, শুধু দেশের স্বার্থ, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশে মিডিয়া আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকটার পেছনে একটা পলিটিক্যাল ইনটেনশন আছে, নয়তো বিজনেস করপোরেট ও অবৈধ কালো পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়ার জন্ম দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নীতিবহির্ভূত কনটেন্ট নিয়ে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা থাকা এখন সময়ের দাবি।
সেমিনারে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন বাবর, একুশে টেলিভিশনের হেড অব নিউজ হারুনুর রশিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা মেইলের সম্পাদক হারুন জামিল প্রমুখ।
ওএফএ/ডিএ
