চট্টগ্রাম নগরীর কারিতাস মিলনায়তনে 'নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা' ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) কর্মশালার আয়োজন করেন ইলমা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিস)। কর্মসূচিতে সহযোগিতা করে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকেয়া বেগম, সভাপতিত্ব করেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর প্রকল্প সহকারী সমন্বয়কারী সেঁজুতি ধর, প্রকল্প কর্মকর্তা হালিমা আক্তার লিজা। কর্মশালাটি পরিচালনা করেন ইলমার সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসমিন আক্তার।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, শান্তি প্রতিষ্ঠা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের অগ্রগতির ক্ষেত্রে নারীদের সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উপস্থিত বিশেষ অতিথিরা আরও বলেন, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, যুব সমাজকে সম্পৃক্তকরণ, শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, নারী নির্যাতন আইন ও ডিজিটাল আইন সেবা প্রদান নিশ্চিত করা, নারী শিক্ষার হার বৃদ্ধি করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, যৌতুক প্রথা বন্ধ করা, নারী উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের নারীদের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন জন্য নারীকে প্রশিক্ষণ দেওয়া সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার জন্য আহ্বান জানান।
আলোচনায় নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয় উঠে আসে।
আরএমএন/আরএফ
