বিজ্ঞাপন

কড়াইল-সাততলা-ভাষানটেক বস্তি : আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি

কড়াইল-সাততলা-ভাষানটেক বস্তি : আধুনিক বাসস্থান নির্মাণে ডিএনসিসির কমিটি

রাজধানীর কড়াইল, সাততলা, ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের লক্ষ্যে ৪টি পৃথক কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

সোমবার (১৫ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন-উল- হাসান একটি অফিস আদেশ জারি করে পৃথক এই চারটি কমিটির অনুমোদন দিয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, এই কমিটির মধ্যে রয়েছে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিম, প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি।

এর আগে রাজধানীর তিনটি বড় বস্তি সাততলা, কড়াইল ও ভাষানটেকের বাসিন্দাদের জন্য বহুতল ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিল ডিএনসিসি। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে করা হবে বস্তিবাসীর তালিকা, যেন প্রকৃত ব্যক্তিরাই এর সুবিধা পায়।

এদিকে কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি উন্নয়ন) মডেল এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশের আধুনিক আবাসন ব্যবস্থাকে অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

গত ১ জুন সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সভার কার্যবিবরণীতে অন্যান্য বিষয়ের সঙ্গে বস্তি উন্নয়নের এ বিষয়টি উঠে এসেছে।

সভার কার্যবিবরণী অনুযায়ী, রাজধানীর সবচেয়ে বড় তিনটি বস্তি কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকায় আধুনিক স্যাটেলাইট সিটি গড়ে তোলা হবে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন কড়াইল বস্তির জমিতে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে। এর আলোকে প্রস্তুত করা হয়েছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা), যা খুব শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকায় স্যাটেলাইট টাইপের সিটি তৈরির লক্ষ্যে কিছুদিনের মধ্যেই গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সামনে একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন (উপস্থাপন) জমা দিতে বলা হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৪টি পৃথক কমিটি গঠন করেছে।

এরমধ্যে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিমে সভাপতি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য সচিব সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সদস্য হিসেবে রয়েছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

এছাড়া প্রকল্প বাস্তবায়নকারী ইউনিটে সমন্বয়ক হয়েছেন ডিএনসিসির সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সদস্য সচিব সহকারী নগর পরিকল্পনাবিদ, বাকি সদস্যরা হলেন ডিএনসিসির অঞ্চল ২ ও ৩ এর নির্বাহী প্রকৌশলী, ডিএনসিসির সার্ভেয়ার এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা।

একইভাবে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটির সভাপতি হয়েছেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সদস্য সচিব সহকারী নগর পরিকল্পনাবিদ এবং সদস্য সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এছাড়া পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটির সভাপতি হয়েছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী, সদস্য সচিব সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী, এলজিইডির প্রতিনিধি এবং ডিএনসিসির সহকারী নগর পরিকল্পনাবিদ।

এএসএস/আরএফ/জেডএস

বিজ্ঞাপন