রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহাঙ্গীর জানান, সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। এ সময় অসাবধানতাবশত একটি দ্রুতগামী মোটরসাইকেল হঠাৎ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দুপুর সোয়া ১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এসএএ/এসএএস/এমএন
